সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে আজও বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে। তবে বাধা দেয়ারও অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে দলটির, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ জড়ো হতে শুরু করেন।

সমাবেশ শুরুর পর থেকেই নেতাকর্মীদের প্রেসক্লাবের সামনে প্রবেশ করাতে থাকে। পুলিশের পক্ষ থেকে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিচয় নিশ্চিত হয়েই সমাবেশস্থলে আসতে দিচ্ছে পুলিশ।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

এর আগে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের ফিরিয়ে দেয় বলে অনেক নেতাকর্মী অভিযোগ করেছেন।

নেতাকর্মীরা বলেন, আমরা স্বাধীন দেশে বাস করেও আজ আমরা পরাধীন। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশে যোগ দিতে যাচ্ছি কিন্তু পুলিশ আমাদেরকে যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের লিংক রোডের মাথায় পুলিশ কাউকেই সমাবেশস্থলে ঢুকতে দিচ্ছে না। এছাড়া কদম ফোয়ারার পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে সেখানেও কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-ঊন-নবী খান সোহেল আজকের সমাবেশে সভাপতিত্ব করছেন।

গতকাল (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির মেয়রপ্রার্থীদের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার বরিশাল মহানগরে সমাবেশ হবে। ওই সমাবেশে বরিশাল বিভাগের সব জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জনিয়েছেন তিনি।

এমবি