আওয়ামী লীগ ও বিএনপি ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সব দলের মেয়র প্রার্থীই জামানত হারিয়েছেন। দুই সিটিতে ৪ জন মেয়র প্রার্থী জামানত রক্ষা করতে পেরেছেন। বাকি ৯ জনই জামানত হারিয়েছেন।

নির্বাচনি ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনের (ইসি) নিয়ম অনুযায়ী, নির্বাচনে কোনো প্রার্থী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়।

সিটি নির্বাচনে মেয়র প্রার্থীদের জামানত এক লাখ টাকা করে। সংরক্ষিত নারী কাউন্সিলরদের জামানতের পরিমাণ ১০ হাজার টাকা। আর সাধারণ ওয়ার্ডগুলোতে কাউন্সিলরদের জামানতের পরিমাণ ভোটারের সংখ্যাভেদে ১০ থেকে ৫০ হাজার টাকা। জামানত হারালে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় জামানতের যে টাকা জমা দিয়েছিলেন, তা আর ফেরত পাবেন না।

ইসি সূত্রে জানা গেছে, ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী নৌকা প্রতীকে ৫৯ দশমিক ১০ শতাংশ ভোট পেয়েছেন। ধানের শীষের দুই মেয়র প্রার্থী ৩৩ দশমিক ৯৪ শতাংশ ভোট পেয়েছেন। এর মধ্যে উত্তরে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম ৪ লাখ ৭২ হাজার ১১ ভোট পেয়েছেন। দক্ষিণে নৌকার প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস ৪ লাখ ৪৫ হাজার ৯৫ ভোট পেয়েছেন। উত্তরে বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল ২ লাখ ৪১ হাজার ৬১ ভোট পেয়েছেন। দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ২ লাখ ৬৫ হাজার ১২ ভোট পেয়েছেন। দুই দলের এই চার মেয়র প্রার্থীই কেবল জামানত রাখতে পেরেছেন। বাকি সবাই জামানত হারিয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন- ঢাকা উত্তর সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ পেয়েছেন এবং দক্ষিণে মো. আবদুর রহমান। উত্তর সিটিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল। দক্ষিণ সিটিতে গণফ্রন্টের প্রার্থী আব্দুস সামাদ সুজন। উত্তর সিটিতে ন্যাশনাল পিপলস পার্টির মো. আনিসুর রহমান দেওয়ান এবং দক্ষিণে মো. বাহারানে সুলতান বাহার। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি শুধু দক্ষিণ সিটিতে মোহাম্মদ সাইফুদ্দিনকে মেয়র প্রার্থী করেছিল।

এএইচ