বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, অর্থনীতি ধ্বংসের চক্রান্তের পর বেগম খালেদা জিয়া শিক্ষা ব্যবস্থা ধ্বংসের নির্মম খেলায় মেতে উঠেছেন। পনের লাখ এসএসসি পরীক্ষার্থীকে জিম্মি করে আন্দোলনের নামে কোন নৈরাজ্য সহ্য করা হবে না। শিক্ষা ব্যবস্থা ধ্বংসে বেগম জিয়ার চক্রান্ত প্রতিহত করা হবে।

শনিবার রাজধানীর ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, নৈরাজ্য, সন্ত্রাস এবং পেট্রোল মেরে মানুষ খুন করা থেকে নিবৃত্ত না হওয়া পর্যন্ত বেগম জিয়ার সঙ্গে কোন সংলাপ হতে পারে না। আন্দোলনের নামে বিএনপির জ্বালাও পোড়াও নীতি একাত্তরের পাক হানাদার বাহিনীর পোড়া মাটি নীতিকেও হার মানিয়েছে। নৈরাজ্য সৃষ্টির জন্য বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষ ক্ষমা করবে না। ১৪ দল দেশের জনগণকে সঙ্গে নিয়ে ২ ফেব্রুয়ারি পরীক্ষা কেন্দ্র পাহারা দেওয়াসহ পরীক্ষা বানচালের যে কোন চক্রান্ত প্রতিহত করবে।

এ সময় তিনি দেশের কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করার নোংরা ও ধ্বংসাত্বক কর্মকা- থেকে সরে আসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুফিয়া বেগমসহ স্কুলটির অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এএইচ