বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,দানব সরকারের বিরুদ্ধে মানববন্ধন অচল। মানববন্ধন বুঝার মতো রাজনৈতিক দল আওয়ামী লীগ নয়। এদের বিরুদ্ধে দরকার কঠোর আন্দোলন।
বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যেখানে উচ্চমাত্রার এন্টিবায়োটিক দরকার সেখানে ছোট খাটো ট্যাবলেটে কাজ হয় না। এ সরকারের পতন করতে দরকার হাই এন্টিবায়োটিক আন্দোলনের। ছোট খাটো মাবনবন্ধন দিয়ে সরকারের পতন করা যাবে না।
বিএনপির এই নেতা বলেন,গণতন্ত্র,ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে যারা এগুলোর ওপর নগ্ন হামলা করছে তাদেরকে ক্ষমতা থেকে সরাতে হবে।
মানববন্ধন বাদ দিয়ে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারলে মিথ্যা মামলা ও আটক নেতা-কর্মীরা মুক্তি পাবে।
গয়েশ্বর বলেন,আমার দৃঢ় বিশ্বাস আজ যারা পুলিশ প্রশাসনকে বিএনপির বিরুদ্ধে নগ্নভাবে ব্যবহার করছে একদিন এ পুলিশ প্রশাসনই তাদের বিরুদ্ধে রাজসাক্ষ্য দিবে।
কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে মানববন্ধনে স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহসহ কৃষক দলের মহানগর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]