আসন্ন ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সন্ত্রাসীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হওয়ার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহনকারী বিএনপি সমর্থিত প্রার্থীদের কামরুল বলেন, আপনি নির্বাচন করবেন বলে আইনের হাত থেকে পার পেয়ে যাবেন। আইন আপনাকে মোটেও স্পর্শ করতে পারবেনা, তা হবে না। ওই রকম লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু হওয়ার সুযোগ নেই।তবে ভালো মানুষের জন্য সব সময় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে।

বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি বলেছেন আমরা নাকি ফাঁদ পাতার জন্য সিটি নির্বাচন দিয়েছি। আওয়ামী লীগ বা শেখ হাসিনা কখনো ফাঁদ পাতেন না। বরং আপনারাই (বিএনপি) ফাঁদ পাতেন এবং নিজেদের ফাঁদে নিজেরা পড়ে যান।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা নির্বাচনে এসেছেন তো ‘ওয়েলকাম’। তবে পূর্বের মত নির্বাচন ভণ্ডুল করার কোন চেষ্টা করবেন সে সুযোগ দেয়া হবে না। এটা করলে তার পরিণতি হতে ভয়াবহ। আইন সবার জন্য সমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমদকে উদ্দেশ্য করে কামরুল বলেন, অতীতে শত নাগরিকের কত কমিটি দেখেছি। এদের আন্দোলনের উদ্দেশ্য হল পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করা। এমাজ উদ্দিনের মত অনেক বুদ্ধিজীবী ’৭১ এ পাক শাসনের বৈধ্যতা দেয়ার চেষ্টা করেছিল। তার মত এক শ্রেণীর পাপিষ্ঠ বুদ্ধিজীবী সর্বকালে সব সময় থাকে।

সংগঠনের সভাপতি ডেপুটি এ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো, সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. আবুল কাশেম মজুমদার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান প্রমুখ।

এমআর/ এআর