জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এর জামিন বাতিল এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী অবৈধ সরকারের সীমাহীন ফ্যাসিবাদী চরিত্রের আরো একটি জঘন্য দৃষ্টান্ত বলে দাবী করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই দাবী করেন।
বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল রোববার কয়েকটি মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিবৃতিতে তিনি আরও  বলেন, “বর্তমান সরকারের নির্মম এবং স্বেচ্ছাচারিতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে দেশবাসী যখন সোচ্চার তখন সরকার আরো বেপরোয়া ও উন্মত্ত হয়ে উঠেছে।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, বিরোধী দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন, হত্যা, গুম, অপহরণ, আতংক সৃষ্টি এবং ভীতি সঞ্চার করার সরকারের একমাত্র লক্ষ্য।
তিনি বলেন, দেশে আজ বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন বিলুপ্তপ্রায়। দেশের বিচার ব্যবস্থাকে কুক্ষিগত এবং দলীয়করণের মাধ্যমে সাধারণ জনগণ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের জন্য আদালতের দরজা বন্ধ করে দেয়ার সকল ষড়যন্ত্র ছিন্ন করে জনগণের মৌলিক অধিকার, আইনের শাসন ও বাক-ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে আনতে দেশবাসীকে সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলনের মাধ্যমে এই দেশে জনগণের শাসন কায়েম করা হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ অবিলম্বে হাবিব উন নবী খান সোহেল এর নি:শর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
[b]ঢাকা, এমএইচ, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]