জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকীব উদ্দিন আহমেদের কঠোর সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, ‘সিইসির মেরুদণ্ড নেই। মন্ত্রী-এমপিদের লাগাম টেনে ধরতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে প্রমাণ করেছেন, সাংববিধানিক দায়িত্ব পালনে তিনি ব্যর্থ। এর মাধ্যমে তিনি আরো প্রমাণ করেছেন, তিনি কেবল প্রজাতন্ত্রে চাকরি করছেন, সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না।’

এরশাদ আরো বলেন, ‘পৌর নির্বাচন আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা। অবস্থা দেখে মনে হচ্ছে, নির্বাচন সুষ্ঠু হবে না এবং অগ্নিপরীক্ষায় তারা উত্তীর্ণ হবে না।’

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আগুন জ্বলছে, মানুষ মরছে। জাপার প্রার্থীদের বিরুদ্ধে ন্যায়বিচার করা হচ্ছে না।’

রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন হলে মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এরশাদ।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ দলটির শীর্ষ নেতারা।

এমএইচ