‘গত শুক্রবার জুমাআর নামাজের পর রীতি ও মুসলমানদের সংস্কৃতি অনুযায়ী আমি সবার হাত মিলিয়েছি। এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি মনে করি না এতে আচরণ বিধির লঙ্ঘন হয়েছে।’

রোববার বিকেল সাড়ে ৩টায় রিটার্নিং অফিসের কার্যালয়ে নোটিশের শুনানি শেষে বেড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন।

গত শুক্রবার মসজিদে নামাজ পড়তে গিয়ে নির্বাচনী প্রচারণা করার অভিযোগে কারণ দর্শানো নোটিশ পাঠান দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ। নোটিশে রোববার বিকেল ৩টার মধ্যে তাকে নিজে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছিল।

নিয়ম মেনে তিনি নিজে উপস্থিত হয়ে নোটিশের জবাব দেন। বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা তার শুনানি করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট আ. কুদ্দুস।

তিনি আরো বলেন, ‘আমি চাইলে আমার আইনজীবী দিয়ে এর জবাব দিতে পারতাম, কিন্তু কমিশনের প্রতি আস্থা ছিল। আমি জানতাম বিস্তারিত বললে এ ভুল বোঝাবুঝি আর থাকবে না। তাই আমি নিজে এসেছি।’

ওইদিন মসজিদে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কেন ছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মসজিদে সব স্তরের মানুষই আসতে পারেন। আওয়ামী লীগের নেতাকর্মীরাও আসতেই পারেন।’

জেআই