চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসার আহবান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হোসেইন মুহাম্মদ এরশাদের চিঠি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার গুলশান কার্যালয়ে জাতীয় পার্টির সহ-দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল।
রোববার রাত পৌঁনে ৭টার দিকে এরশাদের পক্ষ থেকে এই চিঠি বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের কাছে পৌঁছে দেন।
পরে চিঠি দেয়ার বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছে জানান জাতীয় পার্টির সহ-দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল।
তিনি জানান, নির্বাচন কমিশন নিবন্ধিত ৪২টি রাজনৈতিক দলকে এই চিঠি পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।
তিনি জানান, প্রথমে বিএনপি এবং এর পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ কার্যালয়ে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলকে সোমবারের মধ্যে পৌঁছে দেওয়া হবে।
প্রসঙ্গত, গতকাল শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সমাবেশে দেশের সব রাজনৈতিক দলগুলোর কাছে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপে বসার আহবান জানিয়ে চিঠি দেয়ার ঘোষণা দেন এরশাদ।
এমএইচ/জেএ





