বঙ্গবন্ধুর পলাতক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার আহবান জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা)।

জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার দুপুরে বাপসা’র এক মানববন্ধনে নির্বাহী কমিটির সভাপতি সোহেলুর রহমান এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীরা দেশে-বিদেশে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। এ সব পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে আদালতে হাজির করতে হবে। তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের সরকার আজ ক্ষমতায়। তাই জাতির পিতার খুনিদের বিচার সম্পন্ন করার দায়িত্ব বর্তমান সরকারের। না হলে যে আমরা কলঙ্কমুক্ত হবো না।’

অন্যান্যের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নির্বাহী সভাপতি শেখ হাসিবুর রহমান, অর্থ-সম্পাদক ফয়েজুল ইসলাম প্রমুখ।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ