বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার আগে দলের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন।

রবিবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উয়িং কর্মকর্তা শামছুদ্দিন দিদার টাইমনিউজবিডিকে এই তথ্য জানিয়েছেন। দিদার আরও জানিয়েছেন এর আগে রাত ৮টায় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাস্ট্রদূত বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

এদিকে বিএনপির দলীয় একটি সূত্রে জানা গেছে, দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়ার তার লন্ডন সফর নিয়ে ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এছাড়াও চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে থাকাকালীনসময়ে দল পরিচালনার জন্য দিক নির্দেশনা দিতে পারেন।

উল্লেখ্য, মঙ্গলবার বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার ফলে একইসঙ্গে  দলটির শীর্ষ ৩ নেতাই বাইরে অবস্থান করবেন। কারন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও গত মাস থেকে চিকিৎসার জন্য যুক্তরাস্ট্রে অবস্থান করছেন।

এমএইচ