ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে হত্যা করা মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির মা ও বড় ভাইকে মোবাইল ফোনে সন্ত্রাসী দুর্বৃত্তদের হুমকি দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “ফেনীর সোনাগাজীতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফীর মা ও বড় ভাইকে মোবাইল ফোনে সন্ত্রাসী দুর্বৃত্তদের হুমকি প্রদান ও তাদের বাড়ির টিভির ডিস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।”
“এ ঘটনা থেকে প্রমাণিত হচ্ছে যে, নুসরাত জাহান রাফীর হত্যাকারীদের পক্ষ থেকে এখনো ঐ হত্যার বিচার বানচাল করার ষড়যন্ত্র চলছে।”
জামায়াতের সহকারী সেক্রেটারি বলেন, “নুসরাত জাহান রাফীর মা ও বড় ভাইকে মোবাইল ফোনে হুমকি প্রদান ও তাদের বাড়ির টিভির ডিস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার ঘটনা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, নুসরাতের হত্যাকারীদের হাত অনেক লম্বা। তাদের দৌরাত্ব এখনো কমেনি। সন্ত্রাসী দুর্বৃত্তদের ভয়ে নুসরাতের পরিবার ভীত-সন্ত্রস্ত ও শংকিত অবস্থায় রয়েছে। তাই তাদের জানমালের নিরাপত্তার ব্যাপারে সরকারকে কঠোর হতে হবে।”
রফিকুল ইসলাম খান বলেন, “নুসরাতের মা ও বড় ভাইকে মোবাইল ফোনে সন্ত্রাসী দুর্বৃত্তদের হুমকি দেয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে হুমকি দানকারীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং নিহত নুসরাতের পরিবার-পরিজনদের নিরাপত্তার ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি
এমবি





