বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপিসহ বিভিন্ন সংগঠন।
আজ সোমবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলেন বিএনপির পক্ষে কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকার এখন রাষ্ট্রের সব বিভাগের নিয়ন্ত্রণ নিয়েছে। সরকারপ্রধান দেশে এখন বিরোধী দলবিহীন দেখতে চান। বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে সরকার সব শক্তি প্রয়োগ করছে। প্রধান বিচারপতির ছুটি নিঢে ইতোমধ্যে আমরা অনেক ধরনের ঘটনা ও নকশা প্রত্যক্ষ করলাম।
রিজভী বলেন, খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন। যা সবাই জানেন। এখন তিনি দেশে ফেরার অপেক্ষায়। এ অবস্থায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশে বিভেদের রাজনীতির বহিঃপ্রকাশ ঘটল। এ ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা।
সরকারের এহেন হীন কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী বুধবার বিএনপির পক্ষ থেকে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আগামীকাল মঙ্গলবার, সারাদেশে জেলা ও মহানগরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মসূচি পালিত হবে।
সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল দেশব্যাপী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।
ছাত্রদলের কর্মসূচি
এদিকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচী ঘোষণা দিয়েছে। সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান। একই সাথে তারা দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।
কর্মসূচি
আগামীকাল মঙ্গলবার দেশের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়সমূহে এবং আগামী বুধবার দেশের সব উপজেলা, পৌর ও কলেজ ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান এ কর্মসূচি পালন করার আহবান জানিয়েছেন।
এএস





