জঙ্গিদের উৎসাহিত করার জন্যে বিএনপি নেতারা জঙ্গিদের নিয়ে বিভ্রান্তি মুলক বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মোহাম্মদ নাসিম।

বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে নাসিম বলেন,“কল্যাণপুরে নিহতরা জঙ্গি না সাধারণ মানুষ তা নিয়ে নাক বিএনপি নেতাদের সন্দেহ আছে।আশ্চর্য ব্যাপার, বিস্মিত ব্যাপার। তার মানে আবার নতুন করে প্রমাণ হয়েছে এরাই জঙ্গির মদদদাতা। এরা জঙ্গির প্রশ্রয়দাতা। “

‘চিহ্নিত জঙ্গি খতম করার পরে বিএনপির এক নেতা বলে, জঙ্গি কী না বিচার করে দেখতে হবে। জঙ্গিদের উৎসাহিত করার জন্যে দেওয়ার জন্যে এ ধরণের কথা তারা (বিএনপি নেতারা) বলছেন।’

তিনি বলেন, “কোথায় চলে গেছে এরা (বিএনপি নেতারা)। এদের চেহারাটা প্রকাশ হয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতি মুহুর্তে উন্মোচিত হচ্ছে। বেগম জিয়ার ঐক্যের ডাক ভাওতাবাজি ছাড়া কিছু না। টোটালি স্ট্যান্ডবাজি। জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে, দেশ যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে শেখ হাসিনার ডাকে। তখন নিজের চামড়া বাচানোর জন্য ঐক্যের কথা বলছেন। ভাওতাবাজি, ভন্ডামি ছাড়া কিছুই না।”

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মধ্যে জঙ্গি-সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে গণজাগরন সৃষ্টি হয়েছে ১৪ দলের এই মূখপাত্র বলেন, আমরা বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব। গতকাল কল্যাণপুরে সফল অভিযান পরিচালনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।”

সংবাদ সম্মেলনে জঙ্গি-সন্ত্রাস বিরোধী কর্মসূচি ঘোষণা করা হয়।কর্মসূচির মধ্যে ৩০ জুলাই মাগুড়ায় ও ১১ আগষ্ট দিনাজপুরে প্রতিরোধ সমাবেশ, ৩১ জুলাই ঢাকা মহানগর ১৪ দলের উদ্যোগে মহানগর নাট্যমঞ্চে প্রতিরোধ সমাবেশ করা হবে।

শোকের মাস উপলক্ষ্যে কেন্দ্রীয় ১৪ দলের শরীক দলগুলো পৃথক পৃথক কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ আগস্ট যৌথভাবে শোক সভার আয়োজন করা হবে। এ ছাড়া ১৫ আগস্ট প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

এর আগে সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, তরিকত ফেডারেশন মহাসচিব এম এ আউয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী,কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী।

ইআর