দীর্ঘ ৯ বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসছে। ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের কমিটি গঠন করা হবে আগামী ফেব্রুয়ারিতে। নতুন কমিটিতে ত্যাগী, সৎ ও পরিশ্রমী নেতাদের পাশাপাশি থাকবে নতুন মুখ।
দলের যেসব নেতা-কর্মী নির্বাচনের আগে ও পরে সক্রিয়ভাবে মাঠে ছিল, তারাই অগ্রাধিকার পাবে এ কমিটিতে। এছাড়াও যারা কমিটির অন্তর্ভুক্ত ছিলনা কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে দলের সুখে দু:খে মাঠে ছিল তারাও স্থান পাবে। তবে যে সব নেতা-কর্মী মাঠে সক্রিয় ছিলনা তারা বাদ পড়তে পারেন।
বর্তমান সরকারের পূর্ণমেয়াদ ক্ষমতায় থাকার কথা মাথায় রেখেই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে যেকোন মূল্যে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন কমিটি ঘোষণা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। ইতোমধ্যে কমিটি গঠনের সকল কাজ শুরু করে দিয়েছে সংগঠনটি।
দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে একক আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় বসানো হয়েছে, সেভাবেই আগামী আন্দোলন সংগ্রামে দলের সভানেত্রীর পাশে থাকতে একটি শক্তিশালী কমিটি উপহার দিতে চায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া টাইম নিউজকে বলেন, যারা মাঠে কাজ কাজ করবে এবং বিএনপি-জামায়াতকে প্রতিহত করবে তারাই নতুন কমিটিতে স্থান পাবে।
খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি এখন চুপ থাকলেও শক্তি সঞ্চয় করে তারা যে কোন সময় মাঠে নামার চেষ্টা করবে। তাই দ্রুত কমিটি গঠন করে আমাদেরকে সংগঠিত হয়ে থাকতে হবে এবং যারা সব সময় মাঠে থাকবে তাদেরকেই কমিটিতে স্থান দেয়া হবে।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেন, দলের জন্য যারা পরিশ্রম করেছে এবং বিএনপি-জামায়াতের ষরযন্ত্র ঠেকাতে যারা মাঠে ছিল ও থাকবে, তারাই কেবল এ কমিটিতে পদ-পদবি পাবে। যারা পদে থেকেও মাঠে ছিলনা তারা এ কমিটি থেকে বাদ পড়তে পারেন।
তিনি আরো বলেন, নির্বাচনের আগে ও পরে নতুন যারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মাঠে সক্রিয় ছিল, তাদের নিয়েই গঠন করা হবে ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি।
উল্লেখ্য, নয় বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনের পর মহানগরের অন্তর্গত ৯৩টি ওয়ার্ড, ১৮টি ইউনিয়ন ও ৪৯টি থানা কমিটি গঠন ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়।
[b]ঢাকা, এমআর, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেবি/এফএ[/b]
রাজনীতি
ঢাকা মহানগর আওয়ামী লীগে আসছে নতুন নেতৃত্ব
দীর্ঘ ৯ বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসছে। ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের কমিটি গঠন করা হবে আগামী ফেব্রুয়ারিতে। নতুন কমিটিতে ত্যাগী, সৎ ও পরিশ্রমী নেতাদের পাশাপাশি থাকবে নতুন মুখ।





