সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজা হয়।
এরপর সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে আজ দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ফেঞ্চুগঞ্জের এনজিএফএফ খেলার মাঠে সাংসদের মরদেহ নামানো হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ ফেঞ্চুগঞ্জের নুরপুর বড়বাড়িতে নেওয়া হয়।
জানাজায় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জকিগঞ্জ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানরা, সিলেট জেলা, মহানগর, মোগলাবাজার, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ আওয়ামী লীগের নেতারা, ফেঞ্চুগঞ্জের ইউএনও, এসিল্যান্ড, স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলার সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, বালাগঞ্জের ইউপি চেয়ারম্যানরা, ফেঞ্চুগঞ্জের সব দলের রাজনৈতিক নেতাকর্মী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব, শিক্ষক সমিতিসহ অনেকে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল (১১ মার্চ) বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সিলেট-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান।
তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমবি





