গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিতে যোগ দিতে বের হওয়ার জন্য প্রস্তুত। যে কোন সময় বের হতে পারেন তিনি। বাইরে গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, ভোরে উঠে ফজরের নামাজের পর কিছুক্ষণ পায়চারী করার পর নাস্তার জন্য অপেক্ষা করছেন।

সূত্র আরও জানায়, খালেদা জিয়া আজকের কর্মসূচিতে যেকোনো সময় বের হওয়ার জন্য নিরাপত্তাকর্মী ও ব্যক্তিগত কর্মকর্তাদের প্রস্তুত থাকতে বলেছেন।

তবে বের হয়ে তিনি কোথায় বা কোন স্থানের সমাবেশে যোগ দিবেন তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে তিনি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অথবা অন্য কোনো স্থানের সমাবেশে যোগ দিতে পারেন।

এদিকে রোববার মধ্যরাত থেকেই খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের মূল ফটকের সামনে ৬টি বালু-ইট ভর্তি ট্রাক এবং পরবর্তীতে আরও ৬টি মোট ১২ ট্রাক রাখা হয়েছে।

অন্যদিকে বাসার আশপাশের এলাকা ঘিরে প্রতিটি প্রবেশ পথের মুখে বালু-ইট ভর্তি ট্রাক রাখা হয়েছে।

এমএইচ/ এএইচ