আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঐকব্যদ্ধ হওয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, আমাদেরকে এমনভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে আর কোনোদিন জঙ্গি ও সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়া দেশের নেতৃত্ব না পায়।
বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সর্ব ইউরোপিয়ন ও প্রবাসী আওয়ামী লীগ আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে আর বাংলার মানুষের সেবা করতে দেয়া হবে না। কারণ তিনি ক্ষমতায় এলে হাজার হাজার কোটি টাকা লুট-পাট করে বিদেশে পাচার করে। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে তাকে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান মুচকেলা দিয়ে বিদেশে গেছে। তাকে বলবো সাহস থাকলে দেশে ফিরে আইনের মোকাবেলা করুন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর অনেকবার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে তিনি বার বার বেঁচে গেছেন। এখনও তিনি শঙ্কামুক্ত নয়। যারা বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিদের পোষণ করেন তাদের শত্রু বলেই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, জঙ্গি ও যুদ্ধাপরাধীদের নেত্রী খালেদা জিয়া সুযোগ পেলে ২০১৩ সালের মত হত্যাকাণ্ড শুরু করবেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সর্ব ইউরোপিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, সদস্য সুজিত নন্দী রায় প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]