রাজধানীর সেগুন বাগিচায় পবিত্র রমজানের উপর আলোচনা সভা ও ইফতার মাহফিল থেকে ১২ জন রোজাদার মহিলাকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে তাদের মুক্তির দাবী জানিয়েছে দলটি।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান এ প্রতিবাদ ও মুক্তির দাবী জানান।
বিবৃতিতে তিনি বলেন, পবিত্র রমজান মাসে পর্দাসীন মহিলারা রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে মিলিত হয়েছিলেন। এ ধরনের একটি ধর্মীয় প্রোগ্রাম থেকে পুলিশ ১২ জন রোজাদার মহিলাকে গ্রেফতার করে।
তিনি বলেন, 'রোজাদার মহিলাকে এভাবে গ্রেফতার ও হয়রানী করা মানবাধিকার ও ধর্মীয় অধিকারের চরম পরিপন্থী। শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে এ ধরনের আচরণ অত্যন্ত ন্যাক্কারজনক।'
তিনি আরো বলেন, এ ঘটনার দ্বারা আবারো প্রমাণিত হলো, আওয়ামী লীগ এদেশে ইসলামের অস্তিত্ব বিনাশ করতে চায়। অবিলম্বে এসব পর্দাসীন মহিলাদের নি:শর্ত মুক্তির দাবী জানান তিনি।
'সরকারের এ ধরনের ইসলাম বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান শফিকুর রহমান।'
এমকে





