ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশি বিদেশি চারদিক থেকে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। আমাদের সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, গণতন্ত্র বাঁচবে, মানুষ বাঁচবে এবং আওয়ামী লীগ বাঁচবে।

সোমবার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘২১ শে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী খুনি তারেক জিয়ার কটুক্তি, মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, লন্ডনে বসে ইতিহাস বিকৃতি ও মিথ্যাচার করলে বাংলার মানুষ তা বিশ্বাস করবেনা। মাঝা ভাঙ্গা দিয়ে রাজনীতি হয়না , রাজনীতি করতে হলে সুস্থ হয়ে রাজনীতির মাঠে আসুন। রাজনীতি করতে হলে হামলা-মামলা থাকবেই, তাতে ভয় পেয়ে মুখ লুকিয়ে রাখলে চলবেনা।

তিনি আরো বলেন, আর একটা কথা সবার মনে রাখতে হবে, বাঘে কামড়ালে তার আগ্রাসন থেকে মুক্তি পাওয়া যেতে পারে, কিন্তু শেখ হাসিনা কামড়ালে তা থেকে আর মুক্তি পাওয়া রাস্তা খুজে পাওয়া যাবেনা।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

এমআর/এসএইচ