৫ জানুয়ারি নির্বাচন কেউ বানচাল করতে পারে নাই। সিটি নির্বাচনও কেউ বানচাল করতে পারবে না।

এ নির্বাচনে জনগণ যে রায় দেবে সে রায় আমরা মেনে নেব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে শুক্রবার দুপুরে ইউনাইটেড ইসলামী পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, জনগণ যে রায় দেবে আমরা সে রায় মেনে নেব। নির্বাচন নিরপেক্ষ হবে। চক্রান্ত করে বেগম জিয়ার দল নির্বাচন বন্ধ করতে পারবে না। মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে বাংলার জনগণ জবাব দেবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বেগম খালেদা জিয়ার নির্বাচনে আসাকে স্বাগত জানাই। ৫ জানুয়ারি নির্বাচন না করে যে ভুল করেছিলেন তার মাসুল আপনাকে দিতে হচ্ছে।

হরতাল-অবরোধ দিয়েছেন জনগণ প্রত্যাখ্যান করেছে। নির্বাচনে অংশগ্রহণ করার নামে কোনো ষড়যন্ত্র করবেন না। সিটি নির্বাচন হবেই। দুনিয়ার কোনো শক্তি নেই এই নির্বাচন ঠেকাতে পারে। গণতন্ত্র অবশ্যই রক্ষা করবো।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশে করে তিনি বলেন, নির্বাচন করতে চান ভালভাবে করেন। নির্বাচন নিয়ে চক্রান্ত করবেন না। আইনের কাছে আত্মসমর্পণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একাত্তরের মতো এখনও তারা শিশু হত্যা করছে, নারী হত্যা করছে। জ্বালিয়ে-পুড়িয়ে মারছে মানুষ। মানুষকে পুড়িয়ে মারার কথা কোন ধর্মে আছে? খালেদা জিয়ার নির্দেশে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। আপনাদের বলবো শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন। ইসলাম যে শান্তির ধর্ম তা প্রতিষ্ঠায় কাজ করে যাবেন।

দলটির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

এসএইচ