বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে উদ্দেশ্য করেবলেছেন, হাজার হাজার ডলার পাচার হয়ে সুইস ব্যাংকে চলে গেছে তাই অবিলম্বে দোষীদের বিরুদ্ধে অনুসন্ধান করে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যেতিনি বলেন, জনগণের সাথে থাকুন। কোনো ব্যক্তি বা গোষ্ঠির সাথে থাকবেন না।

রফিকুল ইসলাম মিয়া বলেন, দেশে এখন এক দল নয়, এক ব্যক্তির শাসন চলছে। বিএনপি দেশে সামরিক শাসন জারি করে নাই বরং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো বলেই আজ শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারেন।

সমাবেশে তিনি বলেন, রাষ্ট্রপতি আওয়ামী লীগের পক্ষে ওকালতি করলেও জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সকলের অংশ গ্রহণে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আর এতেই প্রমাণ করে ৫ জানুয়ারির নির্বাচন দেশ ও বিদেশে কারো কাছেই গ্রহণযোগ্যতা পায়নি।

সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতাসীন দল সংলাপ চায় না। তারা জানে সংলাপ হলে ক্ষমতায় যেতে পারবে না। তাই যেনতেন ভাবে ক্ষমতায় থাকতে চায়।

আওয়ামী সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠ হয়নি। ভবিষ্যতেও হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও ড. খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, নাসির উদ্দিন পিন্টুসহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়কনবী উল্লাহ নবী প্রমুখ।

ঢাকা, এমএইচ, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর