জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর এড: এহসানুল মাহবুব যুবায়েরসহ ১০ জন মুসল্লীকে গ্রেফতার করায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এড: এহসানুল মাহবুব যুবায়েরসহ ১০ জন মুসল্লীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেন এই জামায়াত নেতা।
ডাঃ শফিকুর রহমান বলেন, এড: এহসানুল মাহবুব যুবায়েরসহ ১০ জন মুসল্লীকে গ্রেফতার করার পর পুলিশ তাদের বিরুদ্ধে গোপন বৈঠক করার মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তারা সিলেট শহরের সবুজবাগ এলাকার একজন গণ্যমান্য ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য আয়োজিত দোয়ার মাহ্ফিলে শরীক হয়েছিলেন, তারা কোন গোপন বৈঠক করেননি। তাদেরকে মিথ্যা মামলায় জড়ানোর হীন উদ্দেশ্যেই শাহপরান থানার ওসি মনিরুল ইসলাম তাদের বিরুদ্ধে গোপন বৈঠকের প্রচারণা চালাচ্ছেন।
উল্লেখ্য যে, এডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের জামিন পেয়ে গত ১ জুন মুক্তি লাভ করেছিলেন। এ সরকার এ পর্যন্ত তাকে ৫ বার অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
মিথ্যা প্রচারণা বন্ধ করে অবিলম্বে এড: এহসানুল মাহবুব যুবায়েরসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
ইআর





