পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের এক নেতাকে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে এবং ইট দিয়ে মাথা থেতেলে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের নেতাকর্মীরা।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে এ হামলার শিকার হন সরকারী মাদ্রাসা-ই-আলিয়া শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন।
গুরুতর আহত অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শাহাদাতকে দোয়েল চত্বর এলাকায় একা পেয়ে ছাত্রলীগ মহানগর দক্ষিণের সহ-সম্পাদক মহসিন, আলিয়া মাদ্রাসা শাখার সাংগঠনিক সম্পাদক সোলায়মান,
অর্থ সম্পাদক আজিজ এবং সাংস্কৃতিক সম্পাদক মোহন পিটিয়ে গুরুতর আহত করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শাহদাতের সহপাঠী সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে শাহবাগ থানার ডিউটি অফিসার শরীফ বলেন, একজনকে মারধর করা হয়েছে। আহতের অভিভাবকরা থানায় মামলার জন্য এসেছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এআর





