গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ (রোববার) দুপুর ২টা ৫০ মিনিটে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
প্রতিনিধি দলের বাকীরা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু।
আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। বিএনপির পক্ষ থেকে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে সংশয় রয়েছে।
আজ (২৪ জুন) রাত ১২টা পর্যন্ত প্রচার কাজ চালাতে পারবে প্রার্থীরা। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ-র্যাবের পাশাপাশি মাঠে নেমেছে বিজিবিও।
৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ড বিশিষ্ট এ সিটি করপোরেশনের মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭। এরমধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার।
এ নির্বাচনে ৭ জন মেয়র পদে, ৮৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমবি





