আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ইসরাইলের হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় সংহতি জানাতে প্রতিনিধি দল পাঠাবে আওয়ামী লীগ নেতৃত্বধীন ১৪ দল।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, আজকের বৈঠকে আমরাসিদ্ধান্ত নিয়েছি গাজায় যে রক্তপাত হচ্ছে তার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ১৪ দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পাঠাবো।
তিনি বলেন, গাজায় যেসব ঘটনা ঘটছে তা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। এটা ইতিহাসের কলঙ্কজনক ঘটনা। তাই আমরা এর তীব্র নিন্দা জানাই।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ১০ম জাতীয়সংসদ নির্বাচনে না গিয়ে তারা যে ভুল করেছে তার দায় আওয়ামী লীগ নেবে না। সহিংস আন্দোলন করলে ১৪ দল তা রাজনৈতিকভাবে মোবাবেলা করবে বলেও জানান মোহাম্মদ নাসিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগেরযুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আহমদ হোসেন, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু, মাইনুদ্দীন খান বাদল, শিরিন আক্তার, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





