চট্টগ্রামের বাশখালীতে জনগনকে উত্তেজিত করে প্রশাসনের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ঘটনায় বিএনপি নেতৃবৃন্দের ইন্ধন ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পদক ড. হাছান মাহমুদ।

আজ সোমবার দুপুর ১২টায় প্রেসকাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বাশখালীর হত্যাকাণ্ডের যেমন বিচার হওয়া দরকার তেমনি এর পিছনে ইন্ধন দাতাদেরও বচিার করা দরকার। ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ইচ্ছাকৃত ভাবে জনগনকে প্রশাসনের সামনে দাড় করানো হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, যারা পরিবেশ সম্পর্কে কিছুই বোঝে না তারাও এ কয়দিন পরিবেশবিদ হয়ে গেছেন দেখে খুবই আশ্চর্য লাগলো। এসব কিছু শুধু মাত্র ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য অন্য কিছু পরিবেশের কথা চিন্তা করে নয়।
বিএনপির নবগঠিত কমিটি সম্পর্কে তিনি বলেন, কয়েকজন বাদে ঘুরে ফিরে সবাই পুরাতন। পুরাতনদের দিয়ে বিএনপি কখনো সফল হতে পারবে না।

বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জিয়া এখন আর মানসিকভাবে সুস্থ নন। তাই আপনাদের উচিত খালেদা জিয়াকে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক চিকিৎসাও করানো।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্পর্কে তিনি বলেন, ভেবে ছিলাম ভারমুক্ত হয়ে তিনি মিথ্যা কথা বলা কিছু কমাবেন কিন্তু তিনি তা করেন নি। মির্জা ফখরুলের নতুন কমিটি নিয়ে আন্দোলন সফল করার কথা সবচেয়ে বড় কৌতুক বলে মনে করেন তিনি।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের ঢাকা মহানগর সভাপতি শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্যারিষ্টার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মিজি প্রমূখ।

ইআর