আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হচ্ছে আজ মঙ্গলবার।
শুরুর দিনেই মাঠে নামছেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।
মঙ্গলবার সকাল ১০টায় তিনি যাত্রাবাড়ীর কুতুবখালীতে মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশমুখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব হাবিবুল ইসলাম সুমন।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আনিসুল হক মঙ্গলবার তেমন কোনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন না।
তবে গণভবনে একক কাউন্সিলর প্রার্থী নির্ধারণের পর থেকেই চূড়ান্তভাবে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন বলে তার ঘনিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি-২০১০ অনুসারে, প্রতীক বরাদ্দের তিন দিন আগে থেকে প্রার্থীরা প্রচারণায় নামতে পারবেন।
সে অনুযায়ী ১০ এপ্রিল প্রতীক বরাদ্দের দিন নির্ধারিত থাকায় আজ থেকে আনুষ্ঠানিক প্রচরণা শুরু হবে। চলবে ২৬ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। ২৮ এপ্রিল তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এআর





