আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন,‘আওয়ামী লীগ রণাঙ্গণের মুক্তিযোদ্ধাদের দল নয়।তারা প্রবাসী মুক্তিযোদ্ধাদের দল। এজন্য তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে দেশপ্রেমিক যুবশক্তি আয়োজিত 'উপজেলা নির্বাচনের অভিজ্ঞতা ও নির্দলীয় সরকারের যৌক্তিকতা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,‘জনগণই সকল ক্ষমতার উৎস হলেও আওয়ামী লীগ সেটি বিশ্বাস করে না।উপজেলা নির্বাচনে সেটি আবারো প্রমাণিত হয়েছে। এও প্রমাণিত হল, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয়। এজন্য অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
বিএনপির এই নেতা বলেন,ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক যে সুরে কথা বলেছেন, তাতে মনে হয় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদেম।খালেদা জিয়ার বিরুদ্ধে মন্তব্য করার কারণে জনগণ একদিন তার মুখে থুথু নিক্ষেপ করবে।
বর্তমান সময়কে ১/১১ এর চেয়েও ভয়ংকার আখ্যায়িত করে তিনি বলেন,সেই সময়কার সরকার মোকাবিলা করা গেলেও এবার তাদের মোকাবিলা করা যায়নি।কারণ এই সরকার গুম-খুন আর হয়রানির ওপর নির্ভর করে টিকে আছে।
আয়োজক সংগঠনের নেতা আহসানুল্লাহ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।
[b]ঢাকা,এমএইচ,১এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// জেএ[/b]