অংশ নিলেও সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ অভিযোগ করেন।
নির্বাচনে সরকারি দল সমর্থক প্রার্থীরা রাষ্ট্রীয় আনুকূল্যে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে বলেও অভিযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অন্যতম শরিক জামায়াত।
বিবৃতিতে বলা হয়, '২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীগণ হামলা, মামলা, গ্রেফতার ও গুম হওয়ার আশঙ্কায় নির্বাচনী কার্যক্রমে যথার্থভাবে অংশগ্রহণ তো দূরের কথা, নিজের বাড়িতেও থাকতে পারছেন না। ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের সাথে সরকারের এ আচরণ, পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের হুমকি ও নির্বাচন কমিশনের দায়িত্বহীন উক্তি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কোন সম্ভাবনা নেই।'
অতীতের নির্বাচনগুলোর মত সিটি নির্বাচনও প্রহসনে রূপ নিচ্ছে- অভিযোগ করে বিবৃতিতে জামায়াত বলেছে, 'আওয়ামী লীগ নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করে ৫ জানুযারী ২০১৪ সালে জনগণের সাথে এক মহাপ্রতারণা করেছিল। উপজেলা নির্বাচনে নির্বাচনী ব্যবস্থার কবর রচনা করে সরকার ভোট ডাকাতি, জালিয়াতি ও কেন্দ্র দখলের মহোৎসব পালন করেছে। ভোটের নামে জনগণের সাথে আরেকটি প্রহসনের পুনরাবৃত্তি আগামী সিটি করপোরেশন নির্বাচনে সম্পন্ন হওয়ার আলামত দেখা যাচ্ছে।'
এএইচ





