হাসানুল হক ইনু এবং মতিয়া চৌধুরীকে উদ্দেশ্য করে সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেছেন, “শেখ মুজিবকে হত্যার পর যারা স্লোগান দিয়েছিল ‘খুনি মুজিব খুন হয়েছে’ আজ তারা শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য।”
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ আয়োজিত খালেদা জিয়া ও তারেক রহমানের ৭ম কারামুক্তি উপলক্ষে এক আলোচনা সভা তিনি এসব কথা বলেন।
শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেন, “পাকিস্তান যেমন জবরদখল করে দেশ শাসন করেছিল ঠিক তেমনভাবে ৫ জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জবরদখল করে দেশ শাসন করছে। আর শেখ হাসিনা হলেন জবরদখলকারীদের প্রধানমন্ত্রী।”
তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, “আগামীতে কেউ যদি সঠিকভাবে দেশ চালাতে পারে, তিনি হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান।”
সভায় বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক বলেন, “এই সরকার প্রশাসন, দুদক, নির্বাচন কমিশনসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। তাই খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে দেশে আবার সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “হতাশ হওয়ার কিছু নেই। আমরা ৯ বছর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী এরশাদকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছি। অবৈধ এ সরকারকেও বিতাড়িত করা হবে। হয়ত কিছু সময় লাগছে। এতে হতাশ হওয়ার কিছু নেই। আমরা সফল হবোই।”
আওয়ামী লীগের উদ্দেশে ফারুক বলেন, “এক খন্দাকারকে নিয়ে আপনারা ব্যস্ত হয়েছেন। কয়েক দিনের মধ্যে আরও বহু খন্দাকারের জন্ম হবে। তখন আপনারা কী করবেন ? সত্য প্রকাশিত হবেই। ”
পরিষদের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদলের মহানগর সাংগঠনিক সম্পাদক মো. সুমন ঢালি প্রমুখ।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





