বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিকালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, ঝুঁকি আছে, শেখ হাসিনাকে একটি বুলেট তাড়া করে ফিরছে।

তিনি বলেন, ৭৫ পরবর্তী রাজনীতিতে সবচেয়ে সফল নাম শেখ হাসিনা, সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাম শেখ হাসিনা।

তবে উন্নয়নের কারণে শেখ হাসিনা ১৯৭৫ পরবর্তী রাজনীতিতে বিশ্বের শ্রেষ্ঠ দশ ‘গ্রেট লিডারের’ একজন বলে দাবি করেছেন কাদের।

শেখ হাসিনার কারণে বিরোধীরা কোনঠাসা হয়ে পড়েছে মন্তব্য করে কাদের বলেন, এটা কেউ স্বীকার করুক আর নাই করুক, তার উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশের বিরোধী রাজনীতির উপর কালো ছায়া ফেলেছে। তা থেকে তারা আর বেরুতে পারছেন না।

এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ভিশনের বিপরীতে ভিশন দিয়ে ফখরুল সাহেব বলছেন দল চাঙ্গা হয়েছে। ভাল বলেছেন, নিজেরা নিজেদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছেন। তারা কি সরকারের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে?

তিনি বলেন, ক্ষমতাসীন দলে প্যারাসাইট ঢুকে পড়ে। কিন্তু আমাদের কোন কেন্দ্রীয় নেতার সামনে কোনো কর্মী টু শব্দ করেনি। আর আপনারা (বিএনপি) নিজেরা নিজেদের ঠেকান, আর বলেন পুলিশ পন্ড করেছে। আপনাদের ঘরে ধাওয়া-পাল্টা ধাওয়া, বাইরেও ধাওয়া-পাল্টা ধাওয়া।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনারা আমাদের অনুকরণ করে অনুসরণ করলে বুঝবো, নেতিবাচক রাজনীতি থেকে আপনারা সরে এসেছেন। ইতিবাচক পথে ফিরেছেন। এটি গণতন্ত্রের জন্য খুবই মঙ্গলের।

ছাত্রলীগকে খারাপ সংবাদের শিরোনাম না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন সহজ হবে না। কঠিন অনেক। আওয়ামী বিরোধী সব শক্তি সেখানে এক হবে। এদের মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্ররীগের সবাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

এমই