একুশের প্রথম প্রহরে রাত ১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি শহীদ মিনার এলাকা থেকে একটু দূরে দোয়েল চত্বরে এসে পৌঁছান রাত ১টার দিকে।
বিএনপি চেয়ারপারসন ওই এলাকায় আসার সাথে সাথে দলের বহু নেতাকর্মী উপস্থিত হন সেখানে। এ সময় দোয়েল চত্বর থেকে তিনি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে রওনা হলে কর্র্তৃপক্ষ দলের কয়েকজন সিনিয়র নেতাকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কিন্তু বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে জানান। বিশ-পঁচিশ মিনিট বেগম খালেদা জিয়া তার সিদ্ধান্তে অটল থাকেন। উপায়ন্তর না দেখে কর্তৃপক্ষ খালেদা জিয়াকে তার দলের সর্বস্তরের নেতাকর্মীকে নিয়েই শহীদ মিনারে যেতে অনুমতি দেন।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় বিএনপি চেয়ারপারসনের সাথে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড. মঈন খান, ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ।
ওএফ





