সংবিধানের ষোড়শ সংশোধন বিলে স্বাক্ষর না করতে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মো: শাহজাহান।

সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অনুরোধ জানান।

তিনি বলেন, ‘বিশিষ্ট আইনজীবী হিসেবে রাষ্ট্রপতিকে অনুরোধ জানাবো, বিলটি আপনার দফতরে গেলে জনগণের বার্তাকে সাড়া দিয়ে বিলটিকে পুনর্বিবেচনার জন্য সংসদে প্রেরণ করবেন।’

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধা দেওয়ার পরেও সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল সন্ধ্যা হরতাল সত:স্ফুর্ত ভাবে পালিত হচ্ছে বলেও তিনি দাবি করেন।

২০ দলীয় জোটের ডাকা হরতালে জনগণ সরকারকে বার্তা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এতেই প্রমাণ হয়েছে জনগণ অবৈধ অনৈতিক সংসদে বিচারপতিদের অভিশংসন ক্ষমতায় ফিরিয়ে দিতে চায় না। বিষয়টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে।’

মো. শাহজাহান বলেন, ‘সারাদেশ ব্যাপী ২০ দলের নেতাকর্মীদের অনেক জায়গায় পুলিশ বাধা দিয়েছে। ইতিমধ্যে ২৭ জন নেতাকর্মীকে আটক করছে। পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা পিকেটিং, মিছিল ও সমাবেশ করেছে।’

সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করছি হরতালের বাকী সময়ে সরকার বাধা দিবে না। তাদের মুক্তি কামনা করছি। ’

‘আজকের হরতাল বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য নয় বা কোনো নেতাকর্মীদের মুক্তির জন্যও নয়। এটি জনগনের চাহিদা অনুযায়ী কালাকানুন আইন বাতিলের জন্য হরতাল।’ বলেও তিনি যোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ প্রমুখ।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ