রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনে শিবির যুক্ত হয়ে গোলমালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্তের ভিত্তিতে যেই দায়ী হোক না কেন শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নাহিদ বলেন, রাজশাহীতে যে ঘটনা ঘটেছে তাতে আমি দুঃখিত, উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। এরপরও বিশ্ববিদ্যালয় যাতে দ্রুত খুলে দেওয়া যায়, সেজন্য ব্যবস্থা নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় প্রকাশ্যে ছাত্রলীগের অস্ত্র ব্যবহার করার বিষয়টি তুলে ধরলে শিক্ষামন্ত্রী বলেন, যেই দোষী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আইনি বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।’
উল্লেখ্য, বর্ধিত ফি প্রত্যাহার ও সন্ধ্যাকালীন মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে রাবির শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল। দাবি আদায়ে গত বৃহস্পতিবার থেকে শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে তাঁরা ক্যাম্পাসে ধর্মঘট পালন করছিলেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত শনিবার বর্ধিত ফি কার্যকর স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ফি পুরোপুরি প্রত্যাহার এবং সন্ধ্যাকালীন কোর্স বাতিল না করায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে রোববার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হন।
এ সময় তাঁদের অনেককে গুলি করতে ও ইটপাটকেল ছুড়তে দেখা গেছে। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট, গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
[b]ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]