জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘একটি ঘোষণা মানুষের মনে আশা সঞ্চার করেছে। দেরিতে হলেও জাতীয় পার্টির জীবনে নতুন আশার আলো দেখতে পারছি।’

বৃহস্পতিবার দুপুরে গুলশানে একটি সেমিনার হলে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দলটির নব নিযুক্ত কো-চেয়ারম্যান ও মহাসচিবকে দেয়া এক সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমার ভাইয়ের বক্তব্য আমি শুনলাম। তার কথার মধ্যে আমি আশার আলো দেখতি পাচ্ছি।’

এসময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ করে এরশাদ বলেন, ‘আপনারা জি এম কাদের ও রহুল আমিন হাওলাদার পাশে থাকবেন। এ দুজন মিলে পার্টিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছি।’

এরশাদ বলেন, ‘এতদিন আমি একটা চাপা কষ্ট নিয়ে ঘুরতাম। মনে শান্তি ছিল না, হাসি ছিল না। প্রতিনিয়ত দুশ্চিন্তা হত, আমি না থাকলে এই জাতীয় পার্টির; আমার সন্তানের কী হবে? কিন্তু এখন আমি নিশ্চিন্ত, আমার সন্তান বেঁচে থাকবে। এই একটি ঘোষণার মধ্য দিয়ে আমি বেঁচে থাকলাম। আমরা সন্তান জাতীয় পার্টি এবং তোমরা বেঁচে থাকলে।’

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদারের প্রশংসা এবং সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সমালোচনা করে তিনি বলেন, ‘রুহুল আমিন ১৪ বছর দলের মহাসচিব ছিল। কিন্তু আমি তাকে সরিয়ে দেয়ার পর কোনোদিন আমার বিরুদ্ধে একটি কথাও বলেনি। এই হচ্ছে আনুগত্য, এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে প্রেম। আর একজনকে মহাসচিব করেছিলাম; আমার ভাইকে পদ দেয়ার কারণে তিনি আমাকে আমার পার্টি থেকে বহিষ্কার করে দিলেন। এটা কোনো কথা হতে পারে?’

উপস্থিত কর্মী-সমর্থকরা তখন সমস্বরে বলে ওঠেন, ‘ না.... না.... না.... বাবলু বেঈমান... বেঈমান।’

এমএইচ