সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী তালিকা প্রকাশের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।
শুক্রবার সন্ধ্যা ৭টায় গুলশানের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,এ খবরটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। জাতীয় পার্টির পক্ষ থেকে এখনো কোনো তালিকা প্রস্তুত করা হয়নি।
হাওলাদার বলেন,জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ এবং রওশন মিলে যোগ্যতার ভিত্তিতে একটি তালিকা তৈরি করে অচিরেই সেটি নির্বাচন কমিশনে পাঠাবে ।
সংরক্ষিত আসনে মনোনয়নের ক্ষেত্রে এরশাদ এবং রওশনের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন,তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। তারা সর্বদা এক ও অভিন্ন।
তিনি বলেন,অন্য কারো কথা আপনারা কান দেবেন না। কারণ,পার্টির কোনো ব্যাপারে কথা বলার এখতিয়ার শুধু আমার এবং জিএম কাদেরের রয়েছে। আর কেউ কথা বলতে চাইলে চেয়ারম্যানের কাছে থেকে আগে অনুমতি নিতে হবে।
জাপার আরো কিছু মন্ত্রিত্বের চাহিদা আছে কি না? এর জবাবে রুহুল আমীন হাওলাদার বলেন, চাহিদা থাকতেই পারে। তবে দেওয়ার মালিক তো প্রধানমন্ত্রী।
দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও উপনেতা নির্বাচনে বেগম রওশন এরশাদ শিগগিরই একটি সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
জিএম কাদেরকে উপ-নির্বাচনে এমপি করার ব্যাপারে দলের সিদ্ধান্তের কথা জানতে চাইলে তিনি বলেন,জিএম কাদের যেহেতু দলের একজন শীর্ষ নেতা। তার কথা তো দল অবশ্যই ভাববে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত  ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক,মীর আব্দুস সবুর আসুদ,যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু প্রমুখ।
[b]ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]