নকল করায় বাঁধা দেয়ায় এক শিক্ষককে প্রকাশ্যে মারধর করায় সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগের সভাপতি আল মামুনের ছাত্রত্ব বাতিল করেছে শিক্ষক পরিষদের নেতৃবৃন্দরা। পাশাপাশি মহানগর ছাত্রলীগের এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই কলেজে ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন।
জানা গেছে, বুধবার সম্মান প্রথম বর্ষের পরীক্ষার কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন উজিরপুর শহীদ স্মরণিকা কলেজের শিক্ষক কাজী নজরুল ইসলাম। পরীক্ষা চলাকালীন সময় বরিশাল কলেজ কেন্দ্রের ৩১০ নম্বর কক্ষের পরীক্ষার্থী রিপন নামের এক ছাত্রলীগ কর্মী প্রকাশ্যে বই খুলে লেখা শুরু করে। হাতেনাতে তাকে ধরে পরীক্ষার খাতা ও সাথে থাকা বইটি নিয়ে যান পরিদর্শক নজরুল। কিছু সময় পরে তাকে পুনরায় খাতা ফেরত দেয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পরীক্ষার শেষ হওয়ার পর পরই (বিকাল ৫ টার দিকে) ছাত্রলীগ সভাপতি আল মামুন তার ৪/৫জন সহযোগীকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে কাজী নজরুল ইসলামকে মারধর করেন।
সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার অলিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ওইদিন রাতে শিক্ষক পরিষদের জরুরি সভা করে মামুনের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। একইসাথে কলেজ প্রশাসনের জরুরি সভা করে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
জেএইচ





