বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ’৭১ সালে জিয়াউর রহমান অস্থায়ী সরকারের প্রধান হিসেবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এরপরে মুজিব নগর সরকার গঠিত হয়েছে। যারা জিয়াউর রহমানের এ অবদান স্বীকার করে না তারা রাজনৈতিক বেয়াদব।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে তেজগাঁও থানা শ্রমিক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, এ সরকারের বিরুদ্ধে লড়াই আসছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ লড়াইয়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করা হবে। এ সময় তিনি আন্দোলনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান।
আওয়ামী লীগের নেতাদেরকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, কিছু নেতা আছে যারা তিনদিন ধরে রাজনীতি করে। অথচ তারা আবার বিএনপির বিরুদ্ধে বিষদগারও করে। এরা শেখ হাসিনার খয়রাত দানে নেতা ও এমপি হয়েছেন।
নজরুল ইসলাম খান বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে এবং থাকবে। তবে তা হতে হবে যুক্তিনির্ভর।
তিনি আরো বলেন, ’৭১ সালে যাদের সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল তারা কেউ ছিল গ্রেফতার। আর অনেকেই ছিল পলাতক। তখন দেশের জনগণকে এ অস্থিতিশীল অবস্থা থেকে উদ্ধার করতে জিয়া স্বাধীনতার ঘোষণা দেন।
ঢাকা, এমএইচ, ১২জুন (টাইমনিউজবিডি.কম)





