তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদবলেছেন, দেশ তো লকডাউন করা হয়নি। রাস্তায় অহেতুক ঘোরাফেরা না করতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তায় কেউ প্রয়োজনে যেতেই পারেন, গেলেই তাকে হয়রানির সম্মুখীন হওয়া অত্যন্ত দুঃখজনক। এটি করার জন্য পুলিশকে বলা হয়নি।
শুক্রবার (২৭ মার্চ) সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এইসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পুলিশ সদর দফতরে থেকে মাঠ পর্যায়ের সব কর্মকর্তাকে বলা হয়েছে, মানুষ প্রয়োজনে অবশ্যই রাস্তায় বের হতে পারে। কিন্তু অপ্রয়োজনে যাতে কেউ না বের হয়। আর কেউ যদি বেরও হয় তাহলে বুঝিয়ে ঘরে পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সুতরাং কেউ ঘর থেকে বের হলে তাদের হয়রানি করা সঠিক নয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বৈশ্বিক মহাদুর্যোগ করোনাভাইরাস মোকাবিলায় দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছিলেন। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। জনগণ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কার্যত ঘরেই অবস্থান করছেন।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু ভুলে গিয়ে মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ক্ষমতাবলে মুক্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন। কিন্তু সারাদেশের মানুষ যখন ঘরের মধ্যে অবস্থান করছেন, স্বাস্থ্যবিধি মেনে চলছেন, তখন দেখলাম খালেদা জিয়ার মুক্তিলাভের সময় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালের সামনে হাজার হাজার লোকের জমায়েত হয়েছে।
তিনি আরও বলেন, গুলশানের বাড়ির সামনে ও পথে হাজার হাজার লোকের জমায়েত হয়েছে। এটা চরম দায়িত্বহীনতার পরিচয় ছাড়া অন্য কোনও কিছু নয়।
তথ্যমন্ত্রী বলেন, আজকে পৃথিবী বৈশ্বিক দুর্যোগ মোকাবিলা করছে। আমরা এই সময় কোনও রাজনৈতিক বাদানুবাদ চাই না। আশা করবো বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকবো। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মহাদুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো।
এমবি





