ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গতবারের প্রার্থী তাবিথ আউয়াল ও কেন্দ্রীয় নেতা ড. আসাদুজ্জামান রিপনসহ পাঁচজন।
রোববার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বেলা আড়াইটার দিকে ফরম সংগ্রহ করেন দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ।
রিপন ও তাবিথ ছাড়া বিএনপির মনোনয়ন ফরম নেয়া অন্যরা হলেন-সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান (রঞ্জন) এবং মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুম।
পরে তাবিথ আউয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সোমবার মনোনয়ন ফরম জমা দেয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবেন তিনি। এবারও দলের পাবেন বলে তিনি আশাবাদী।
ডিএনসিসি উপনির্বাচনে কে হচ্ছেন দলের প্রার্থী, তা সোমবার জানা যাবে বলে সকালে আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রি শুরুর পর জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এমআর





