ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিক্ষোভে নিহতের ঘটনার প্রতিবাদে আগামীকাল (২৮ মার্চ) রোববার হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই সমর্থনের কথা জানান।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, “জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা, হাটহাজারীতে গুলি করে ৪ জনকে হত্যা, ব্রাহ্মণবাড়িয়ায় একজনকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মুসল্লিদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে ২৮ মার্চ হেফাযতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আহুত দেশব্যাপী শান্তিপূর্ণ হরতালের প্রতি আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নৈতিক সমর্থন জ্ঞাপন করছি।”

সাবেক এমপি অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “শান্তিপূর্ণভাবে এ হরতাল কর্মসূচি সফল করে তোলার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”প্রেস বিজ্ঞপ্তি

অন্যএক বিবৃতিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, হামলা ও গ্রেফতারের নিন্দা জামায়াতের

দেশব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা, পুলিশ ও সরকারদলীয় লোকজনের হামলা এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২৭ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, “২৬ মার্চ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মুসল্লিদের ওপর হামলা ও গুলি চালিয়ে পাঁচজনকে হত্যার প্রতিবাদে ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া এবং পুলিশ ও সরকারদলীয় লোকজনের হামলার ঘটনা ঘটেছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আজও হামলা হয়েছে এবং বহু লোক আহত হয়েছেন। নিরীহ পাঁচজন মুসল্লি নিহতের ঘটনার প্রতিবাদে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ কর্মসূচি পালনকালে সিলেট থেকে ১৪ জন, রাজধানীর ভাটারা থেকে পাঁচজন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে হেফাজতে ইসলামের ১৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

স্বাধীনতার ৫০ বছর পূর্তির জাতীয় অনুষ্ঠানকে তৌহিদী জনতার রক্তে রঞ্জিত করে আওয়ামী লীগ সরকার এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করলো। জাতি জানতে চায় বাংলাদেশের ইসলামপ্রিয় জনতার ওপর হামলা চালিয়ে সরকার কাকে খুশি করতে চায়? আমরা সরকারের এই ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অবিলম্বে দেশব্যাপী গ্রেফতার ও হয়রানি বন্ধ করে অন্যায়ভাবে আটক নেতা-কর্মীদের মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”প্রেস বিজ্ঞপ্তি

এমবি