বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া সঠিক মানুষ চিনতে ভুল করলে সামনে আরো বিপদ আছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের পাশে এখন যারা আছেন, তারা কি সবাই সঠিক? তারা কি সবাই ভালো? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বেগম জিয়া যদি সঠিক মানুষ চিনতে ভুল করেন তাহলে বিএনপির সামনে আর বড় বিপদ আছে।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত এক শোকসভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদ্য মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ’র স্মরণে এই সভা হয়। ১/১১’র ষড়যন্ত্রকারীরা আবারো খালেদা জিয়াকে ছোঁবল দেওয়ার চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১/১১ বেগম জিয়ার অভিজ্ঞতা সঞ্চয়ের সময়।

এর মধ্যদিয়ে তিনি বুঝতে পেরেছেন কে প্রকৃত বন্ধু ও শত্রু। তবে এই অভিজ্ঞতা অর্জন করতে তাকে অনেক মাসুল দিতে হয়েছে। এখন হান্নান শাহ’র মত আমার মনেও প্রশ্ন, বিএনপি চেয়ারপারসন আসল ও নকল চিনতে পেরেছেন। এখন যারা আছেন সবাই কি সৎ মানষিকতা নিয়ে রাজনীতিতে এসেছেন। না কি আরেকটা ছোঁবলের জন্য অপেক্ষা করছে। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূইয়ার নেতৃত্বে ছিলেন তাদের সবাইকে চিনি।

তবে এখন আর চিনতে চাই না। নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, ১/১১ এর মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকার নেই। তবে সেই ষড়যন্ত্র চলমান আছে। তাদের কার্যক্রম বর্তমান সরকার পরিচালনা করছে। আর এটা বাস্তবায়ন করার দায়িত্ব পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর।

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এসএ