প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল।

বৃহস্পতিবার প্রচারণায় নেমে তিনি বলেন, ‘দলের নেতা-কর্মীদের মিছিলের পেছন থেকে ‘সন্ত্রাসী’ বলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে না। লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টিও খেয়াল রাখতে হবে।’

এদিন মোহাম্মদপুরের বাবর রোড ও বিজলী মহল্লা এলাকায় ছেলের পক্ষে প্রচারণা চালান তিনি। তাবিথের পক্ষে ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে নাসরিন আউয়াল আরো বলেন, ‘যেখানে যাচ্ছি সেখানেই ব্যাপক সমর্থন পাচ্ছি। এখনো লিফলেট ফিরিয়ে দিয়েছেন- এমন কাউকেই পাইনি। প্রায় তিন-চারদিন ঘুরছি, সবখানেই স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।’

উত্তরে তাবিথের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। এই সিটিতে তার বাবা আবদুল আউয়াল মিন্টুর প্রার্থী হওয়ার কথা থাকলেও নিজের ‘ভুলের’ কারণে তা হয়নি। শেষ পর্যন্ত উচ্চ আদালতে চেষ্টা করেও বিফল হন তিনি। তার স্থলে ভোটের লড়াইয়ে নেমেছেন তার ছেলে তাবিথ আউয়াল।

‘অবহেলিত জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও বাসযোগ্য আদর্শ ঢাকা গড়ার প্রত্যয়ে’ ১২টি বিষয়ে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি- সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল।

৮৩টি প্রতিশ্রুতি আর পরিকল্পনায় সাজানো এই ইশতেহারে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার মতো মৌলিক ইস্যূগুলো ছাড়াও নাগরিক সমস্যা সমাধানে যানজট নিরসন ও যানবাহন সুবিধা, নগর পরিবেশ ব্যস্থাপনা ও টেকসই উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও ব্যবস্থাপনা, নাগরিকদের চিত্ত বিনোদন ও জনস্বাস্থ্য, ডিজিটাল সেবা, জননিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, নগর প্রশাসনকে কার্যকর করার ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে।

কেএইচ