বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারাবরণ দিবস’ উপলক্ষে ছাত্রদল ওই আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানকে গ্রেপ্তার করা ছিল প্রথম আঘাত। তারেক রহমান যে সম্ভাবনা নিয়ে রাজনীতিতে এসেছেন, তা সমূলে ধ্বংস করতে এ আঘাত করা হয়েছে। ফখরুল বলেন, অনেক প্রাণ গেছে, অনেকে গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন; এই ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ফখরুল যখন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছিলেন, তখনই মিলনায়তনের মধ্যে সংঘর্ষে জড়ায় ছাত্রদলের দুই পক্ষ। পরিস্থিতি শান্ত হওয়ার পর ফখরুল অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, সরকার গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ৭০-৮০টি আসন বিএনপিকে দেওয়া হবে—এ ধরনের অপপ্রচারও চালানো হচ্ছে। ৫ জানুয়ারির নির্বাচনের আগেও এ ধরনের অপপ্রচার চালানো হয়েছিল যে বিএনপির অনেকে নির্বাচনে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত একজন তৃণমূল কর্মীও নির্বাচনে যাননি। এবারও এ ধরনের অপপ্রচার কাজে আসবে না। ৫ জানুয়ারির মতো নির্বাচন হতে দেওয়া হবে না। নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি নির্বাচনে যাবে।

বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অনেকে বলছেন, বিএনপিকে ৫০-৬০ আসন দেওয়া হবে। তিনি প্রশ্ন রাখেন, শেখ হাসিনা বিএনপিকে আসন দেওয়ার কে? তিনি ৩০০ আসন দিলেও বিএনপি তা কেন নেবে? বিএনপির এই নেতা বলেন, নিরপেক্ষ নির্বাচনে জনগণ যে কয়টা আসন বিএনপিকে দেবে, বিএনপি তাই নেবে। তিনি অভিযোগ করেন, বিএনপির কোনো কোনো নেতা খালেদা জিয়ার সাজা নিয়ে বক্তব্য দিয়ে নেতা-কর্মীদের বিভ্রান্ত করছেন। তিনি দলের সব নেতাকে একসুরে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়, খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন নয়।

ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে ছাত্রদলের সাবেক নেতা রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য দেন।

নারী দিবসের শোভাযাত্রা

সকালে নয়াপল্টনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে মহিলা দল। শোভাযাত্রা উদ্বোধনকালে মির্জা ফখরুল দাবি করেন, গণতন্ত্রের মুক্তির ওপর নারীমুক্তি ও নারী অধিকারসহ সবকিছু নির্ভর করে। দেশে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা থাকলে সবার অধিকারগুলো প্রয়োগ করা নিশ্চিত করা গেলেই কেবল নারী অধিকার প্রতিষ্ঠা করা যাবে।

এমই