‘সরকার পাঁচ বছর থাকবে কি না, সেটা নির্ভর করবে বিএনপির আন্দোলনের ওপর। তবে যে পরিস্থিতি দেখছি, তাতে মনে হচ্ছে সরকার পাঁচ বছরই থাকবে।’ বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ।
রোববার দুপুরে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীর হাটে ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।
এরশাদ বলেন, বিএনপি তাদের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বলে সরকার ৫ জানুয়ারির নির্বাচন করতে সক্ষম হয়েছে।
উপজেলা নির্বাচনে বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কিছু দোষত্রুটি থাকায় উপজেলা নির্বাচনে হেরে গেছি। এটি জাতীয় নির্বাচন নয়। এটি একটি স্থানীয় সরকার নির্বাচন, দলগতভাবে হয় না।’ জাতীয় পার্টি আবারও ঘুরে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘দলের নেতৃত্ব নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যত দিন বেঁচে থাকব, তত দিন আমিই জাতীয় পার্টির চেয়ারম্যান। এখানে অন্য কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।’
রংপুরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এরশাদ বলেন, ‘মানুষ ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য বানিয়েছেন। এজন্য তাঁদের কাছে আমি ঋণী। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছি। রংপুরের উন্নয়ন করে সে ঋণ শোধ করব।’
চন্দনপাট ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর জাপার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন কাদেরী।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'সরকার পাঁচ বছরই থাকবে'
‘সরকার পাঁচ বছর থাকবে কি না, সেটা নির্ভর করবে বিএনপির আন্দোলনের ওপর। তবে যে পরিস্থিতি দেখছি, তাতে মনে হচ্ছে সরকার পাঁচ বছরই থাকবে।’ বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ।





