সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান সঠিকভাবে পালন করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দ্বিতীয় দিনের মত  রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ভাটারা এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণের সময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গায়ের জোরে ক্ষমতা পাকাপোক্ত করতে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন চালাচ্ছে।এই সরকার গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তাদের কোনো নৈতিক ভিত্তি নেই। বর্তমান পরিস্থিতিতে দেশে আরেকটি সুষ্ঠু অবাধ নির্বাচন দরকার বলেও মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, তারা জিয়াকে হত্যা করে বিএনপিকে নির্মূল করতে চেয়েছিল। কিন্তু মানুষ জিয়ার আদর্শ গ্রহণ করে জাতীয়তাবাদী দলের পতাকাতলে একত্রিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো শনিবার রাজধানীর কুড়িলে দুস্থদের মধ্যে খাবার বিতরণকালে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপি সদস্যসচিব আবদুস সালাম, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম, সাবেক ছাত্রনেতা আজিজুল বারি হেলাল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শরীফ উদ্দিন জুয়েল প্রমুখ।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান এবং মির্জা আব্বাস রাজধানীর বিভিন্ন স্পটে খাবার বিতরণ করছেন।
[b]ঢাকা,এমএইচ,৩১মে,(টাইমনিউজবিডি.কম)[/b]