যাত্রাবাড়ীর ঘটনার মতোই চৌদ্দগ্রামে সুপরিকল্পিতভাবে সরকারি এজেন্টরাই পেট্রলবোমা হামলা করে থাকতে পারে বলে মনে করে ২০ দলীয় জোট।
২০ দলীয় জোটের পক্ষে বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ মঙ্গলবার রাত ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, সহিংস ঘটনা ঘটিয়ে এর দায়ভার বিএনপিসহ ২০ দলীয় জোটের ওপর চাপিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় সরকার। এ জঘন্য হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা নিহত হয়েছেন তাদের প্রতি ২০ দলীয় জোট গভীর শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।
তিনি বলেন, ২০ দলীয় জোট এই সমস্ত জঘন্য কর্মকা- ও অপকৌশলকে দৃঢ়ভাবে ঘৃনার সাথে প্রত্যাখান করছে। একইসঙ্গে পেট্রলবোমা নিক্ষেপসহ অন্যান্য নাশকতামূলক ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তবে নিরপরাধ কোনো ব্যক্তিকে যেন রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে এসমস্ত ঘটনার শিকার বানানো না হয় সেই বিষয়েও সজাগ থাকার আহবান জানান। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রই হচ্ছে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়াকে যারা বিদ্যুৎহীন এবং অন্যান্য সকল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সগৌরবে প্রকাশ্যে আনন্দ উৎসব করতে পারে তাদের পক্ষে যেকোনো অমানবিক কর্মকা- পরিচালনা করা সম্ভব ।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বিএনপিসহ ২০ দলীয় জোটের কোনো নেতা-কর্মীকে সাক্ষাত করতে দেয়া হচ্ছে না। আজকেও ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীককে বেগম জিয়ার সাথে সাক্ষাত করতে গেলে পুলিশ দুর্ব্যবহার ও হেনস্তা করেছে। এই ঘটনায় ২০ দলীয় জোট ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জেএ





