সারা দেশে চলমান গুম, হত্যার সঙ্গে সরকার প্রত্যক্ষ ভাবে জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন,  র‌্যাব ১১ এর অধিনায়কসহ তিন কর্মকর্তাদের বরখাস্ত করে স্বীকার করে নিয়েছে নজরুলসহ সাত খুনের সঙ্গে প্রশাসন জড়িত।
বুধবার দুপুরে দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচি ঠিক করতে দলের অংগ সংগঠনের নেতাদের সাথে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বাংলাদেশে র‌্যাবের প্রয়োজন আছে কিনা এমন প্রশ্ন তুলে বিএনপির এই মহাসচিব আরো বলেন, এখন সারা দেশের সাধারণ মানুষ ও সুশীল সমাজ এবং বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থা প্রশ্ন তুলেছে এই বাহিনীটির প্রয়োজন আছে কি না?
বিএনপি র‌্যাব বন্ধ করে দেয়া হোক তা চায় কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের জনগণের দাবীই বিএনপির দাবী। কারন বিএনপি জনগণের দল, জনগণের দাবী আদায়ের জন্য আমরা রাজনীতি করি।
তিনি বলেন, যে দেশে জনগণকে খুনের সাথে মন্ত্রীর ছেলে ও জামাই জড়িত থেকে সেখানে আমরা কোন দেশে বাস কোন সরকারের অধীনে বাস করছি।
নজরুল অপহরনের পরে সাত দিন প্রশাসন নিরব ছিল অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী কেন নিরব ছিল তার জবাব স্বরাষ্ট্র মন্ত্রীকে দিতে হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি ও অংগ সংগঠনের পক্ষ থেকে ২৭মে থেকে ৯জুন পর্যন্ত ১৪ দিনব্যাপী কর্মসূচি ঘোষনা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলোচনা সভা। ৩০মে ভোরে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমীত রাখা, কালো পতাকা উত্তোলন। সকালে বিএনপির চেয়ারপারসনের নেতৃত্বে সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো। ঐদিন ড্যাবের পক্ষ থেকে জিয়ার মাজারে স্বেচ্চায় রক্ত দান কর্মসূচি ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান।
এছাড়াও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, নাজিম উদ্দিন আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ৭ মে(টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]