বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন দলের চেয়াপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলানগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী স্কুল মাঠ থেকে এ খাবার বিতরণ শুরু করেন তিনি।
এরপর মোহাম্মদপুরের টাউন হল,শহীদ পার্ক মাঠ, ধানমন্ডির মেডিনোভা হাসপাতাল সংলগ্ন স্পটে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন। এরপর কলাবাগানের কুপার্স, নিউমার্কেট, পল্টন কমিউনিটি সেন্টার, পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের জিয়া মঞ্চে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
জুমার নামাজের বিরতির পর বিএনপি চেয়ারপারসন আবারো শান্তিনগর বাজার, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসভবন সংলগ্ন প্রাঙ্গণ, মাহবুব আলী মিলনায়তন, মতিঝিল কলোনি কমিউনিটি সেন্টার, কমলাপুরের আইসিডি টার্মিনাল, সেগুনবাগিচা স্কুল, কচিকাঁচা কমিউনিটি সেন্টার, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট প্রাঙ্গণ, গুলিস্তানের কাপ্তান বাজার শপিং কমপ্লেক্স, নবাবপুরের মদনপাল লেন, ধোলাইখালের লিংক রোড মোড়, ধোলাইখাল মোড়, নয়াবাজার দলীয় কার্যালয়, বংশাল কার্যালয়ের সম্মুখে দুস্থদের মাঝে খাবার বিতরণ শুরু করেন।
দলীয় সূত্র জানিয়েছে, শুক্রবার দিনভর খাবার বিতরণ শেষে মাগরিবের নামাজের পর খালেদার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
[b]ঢাকা, এমএইচ,৩০ মে (টাইমনিউজবিডি.কম)[/b]